Search

Suggested keywords:

সমর্থকের চোখে মোহনবাগান

সমর্থকের চোখে মোহনবাগান

রিলসর্বস্ব অতি আধুনিক প্রজন্মের কাছে চটকদারী বিনোদন এর পাশে একজন আদ্যপান্ত ঘটি সমর্থকের চোখে মোহনবাগান নিয়ে লিখতে বসার মানে অচেনা কোনও কক্ষপথে আলোর সন্ধান করা। হ্যাঁ আমি সেই সমর্থক যে, জেজে পেনাল্টি মিস করলে চা এর কাপ ভেঙে ফেলি আবার নিজের বিয়ের দিন ঠিক করতে বসার আগে ম্যাচ ফিক্সচার দেখে নিই, সেদিন ডার্বি আছে কিনা। না আমি কোনোও খেলোয়াড় বাড়িতে জন্মাই নি ঠিকই কিন্তু মোহনবাগান আমার মজ্জায়। আমার এই আশৈশব মোহনবাগান প্রেম হলো কিভাবে? তবে বলি, আমার বয়স তখন নয়, ফেডারেশন কাপের সেমি ফাইনালে মুখোমুখি হবে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল (১৩ ই জুলাই, ১৯৯৭)। তার দুদিন আগে থেকে দুই কোচের বাকযুদ্ধ চলছে। মোহনবাগান কোচ অমল দত্ত আক্রমণ শানাচ্ছে বাঙাল কোচ পিকে ব্যানার্জী কে। অমল পিকের এই দ্বৈরথ মাঠের বাইরে উত্তাপ ছড়াচ্ছে এবং আমাদের কাছে পৌঁছচ্ছে খবরের কাগজের মারফত। আমি তখন একটু একটু করে বুঝতে শুরু করেছি আমি মোহনবাগানি আর অমল দত্ত আমাদের হয়েই কথা বলছেন। অমল দত্ত বাইচুং কে চুং চং বা ওমোলোজা কে ওমলেট বলছেন আর আমরাও স্কুলের বন্ধুদের সাথে তাই নিয়ে আলোচনা করছি। কিন্তু আমার ধারণা ছিলো আমার কাছের বন্ধুটি আমার মতোই মোহনবাগান কিন্তু সে ধারণা গেলো বদলে ১৪ ই জুলাই সকালে। অমল দত্তের মোহনবাগান, ডায়মন্ড ছক চুংচুং(বাইচুং ভুটিয়া) এর দাপটে মুখ থুবরে পড়ার পর (৪-১ গোলে মোহনবাগান পরাজিত) পরদিন স্কুলের কিছু বন্ধুর কাছে প্যাঁক খেয়ে বুঝলাম আমি মোহনবাগানী আর আমরা হেরেছি। ব্যাস, সেই যে মেরুকরণ গ্রথিত হলো অস্থি মজ্জায় তা আজও প্রকট এবং প্রবল। যেকোনোও পরিস্থিতিতে আপোষহীন তো বটেই। বয়স বাড়লো, ফুটবলের প্রতি আকর্ষণ বাড়লো, নিয়মিত মাঠে যাওয়া শুরু হলো আর তর্ক করাও শুরু হলো। হ্যাঁ ফুটবল আমায় ঝগড়ুটে বানালো। তবে এই ঝগড়ায় একটা প্রাণ আছে, প্রেম আছে, আবেগ আছে। ছাপোষা মধ্যবিত্ত ঘরের জাত ঘটি এই আমি টাই মোহনবাগানের জন্য হা হা করে হেসে উঠি আবার হাউ হাউ করে কেঁদে ফেলি। এটাই তো ফুটবলের জয়, বাঙালীর আবেগের জয়। পৃথিবীর যেকোনও প্রান্তে দাঁড়িয়ে আমি সদর্পে বলতে পারি আমার সূর্য্য মেরুন, নাড়ির যোগ সবুজ ঘাসের সাথে না থাকলেও মন টা মিলিয়ে আছে ময়দানের মোহনভূমিতে। আমার কাছে মোহনবাগান শুধু একটা নাম নয় একটা আবেগ, একটা প্রেম। আপোষহীন ভালোবাসা, যে ভালোবাসায় কোনোও চাওয়া বা পাওয়া থাকতে নেই। আছে শুধু চিরকাল বেলায় বেঁচে থাকার সংকল্প যাতে জোর গলায় বলতে পারি জয় মোহনবাগান "।

Powered by Froala Editor