কবে থেকে শুনে আসছি আমরা কথাটা? এক যুগ? নাকি তারও আগে থেকেই? কথাটা হল এ বঙ্গের ফুটবলে নাকি প্রতিভার বড্ড অভাব। আরো স্পষ্ট করে বলতে গেলে পুরুষ ফুটবলে। এবং বলতে বলতে কথাটা এখন প্রায় "মিথ"-এর পর্যায়ে চলে গেছে। প্রতিভা নেই! প্রতিভা নেই! যেদিকেই যাওয়া যায় এই একই হাহাকার। অতীতের সোনার সময়কে আঁকড়ে ধরেই কেটে গেল বেশ কয়েকটা বছর। কিন্তু প্রশ্ন হল কতটা সত্যি লুকিয়ে আছে এই প্রচারটার মধ্যে?
দ্বিধাহীন ভাবে স্বীকার করতেই হয় যে ফুটবলের গুণগত মানের অবনমন হয়তো ঘটেছে কিছুটা। কিন্তু সেই যে গুণগত মানের হ্রাস তা শুধু ফুটবল নয়,অনেকক্ষেত্রেই ঘটেছে। আসলে বাস্তবের দিকে যদি তাকানো যায় তাহলে বলতেই হয় যে বাংলার ফুটবল একটা "ট্রানসিশন পিরিয়ডের" মধ্যে দিয়ে যাচ্ছে। বাংলার ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে, কলকাতা ফুটবল লিগের চরিত্রও বদলেছে অনেকখানি। কোনো প্রচেষ্টাই রাতারাতি সাফল্য পায়না, এ ক্ষেত্রেও সময় লাগবে। কিন্তু প্রতিভার আকাল কথাটা যে অনেকটাই "মিথ", বাস্তবের সঙ্গে যে তার তেমন মিল নেই তা গতবার প্রমাণ হয়েছিল যখন সন্তোষ ট্রফি জেতে বাংলা। এবং সেটাও বেশ কয়েক বছর পর। এ বছরের সন্তোষ ট্রফিতেও যখন মানুষ স্বপ্ন দেখতে শুরু করেছে ঠিক তখনই একটা খারাপ ম্যাচ স্বপ্ন ভেঙে দেয়। কিন্তু প্রতিভার আকাল যে সত্যিই ঘটেনি তার প্রমাণ বোধহয়
" খেলো ইন্ডিয়া " ট্রাইবাল গেমসের ফুটবলে বাংলার ছেলেরা রাখছে। প্রথমে ঝাড়খন্ডের রাঁচিতে প্রাথমিক পর্বে খুব অবলীলায় যোগ্যতা অর্জন এবং তারপরে ছত্তিশগড়ের রায়পুরেও সহজেই ফাইনালে বাংলা।
অতএব প্রতিভার আকাল কথাটা পুরোপুরি সত্যি নয় কিছুতেই। বরং একটু উল্টো দিকে তাকান। সন্তোষ ট্রফির দল গঠনের ক্ষেত্রে অনেক সময়েই অভিযোগ, অনুযোগ শোনা যায় -- একে নিলে ভালো হত, ও কেন নেই ইত্যাদি। এই পরিস্থিতি তখনই তৈরি হয়, এই চর্চা তখনই চলতে থাকে যখন আমাদের হাতে একাধিক বিকল্প রয়েছে। এটা ঘটনা যে সন্তোষ ট্রফিতে একটা বাইশ জনের স্কোয়াড বেছে নেওয়া খুবই কঠিন। এই যে দলটি নিয়ে রঞ্জন ভট্টাচার্য রায়পুরে গেছেন, সেই স্কোয়াডের বাইরেও রয়েছে অনেক যোগ্য খেলোয়াড় (ট্রাইবাল)। যা প্রয়োজন তা হল জাতীয় স্তরে ক্রমাগত সাফল্য যা "প্রতিভা নেই" এই "মিথ" ভেঙে দেবে।
কলকাতা ফুটবল লিগ ২০২৬ শুরু হতে আরো দু মাসের একটু বেশি সময় হাতে রয়েছে। এই সময়টুকুতে আমরা ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের এই ফেসবুক পেজ থেকে ধারাবাহিকভাবে তুলে আনব বঙ্গ ফুটবলের (পুরুষ) কিছু সেরা প্রতিভাকে, যাঁদের নিয়ে স্বপ্ন দেখাই যায়। কেউ হয়তো সবে শুরু করেছেন, কেউ ধারাবাহিকভাবে পারফর্ম করছেন বেশ কয়েক বছর ধরে। আমরা তাঁদের কথাও বলব যাঁরা হয়তো ক্যারিয়ারের শেষের দিকে কিন্তু তবুও কলকাতা ফুটবল লিগে প্রতি বছর গভীর ছাপ রেখে যাচ্ছেন।
খুব তাড়াতাড়ি শুরু হতে যাচ্ছে বঙ্গ ফুটবলের প্রতিভাদের নিয়ে এই ধারাবাহিক সফর।
Powered by Froala Editor
