Search

Suggested keywords:

প্রচারের আলো তেমন নেই তাকে ঘিরে তবুও লড়াই ছাড়তে রাজি নয় রূদ্র

প্রচারের আলো তেমন নেই তাকে ঘিরে তবুও লড়াই ছাড়তে রাজি নয় রূদ্র

কোনোদিনও প্রিমিয়ার ছাড়া অন্য কোনো ডিভিশনে খেলেনি হাওড়ার রুদ্রনাথ সামন্ত। হাওড়ার জগতবল্লভপুরের রুদ্রনাথ পাড়ার ক্লাবে খেলত যেমন আর পাঁচ জন ছোট ছেলে খেলে। আদৌ কোনো লক্ষ্য বা উচ্চাকাঙ্খা ছিল না। সেসব থাকার বয়সও নয় সেটা।খেলার আনন্দেই খেলত রূদ্র। পাড়ার " রথীনদা " নিশ্চয়ই কিছু দেখেছিলেন ছেলেটির মধ্যে। তিনিই রুদ্রকে পাঠালেন দাসনগর যুব সংঘে। দাসনগর যুব সংঘে রূদ্র পেল বাপ্পা সাঁতরাকে। 


সেখান থেকে সরাসরি কলকাতা কাস্টমস। বাপ্পাই পাঠিয়েছিলেন। ওই যে বললাম, নিচের ডিভিশনে কোনোদিন খেলেনি রুদ্র। সোজা প্রিমিয়ার। ২০২২ থেকে ২০২৫ টানা চার বছর সে খেলছে কলকাতা কাস্টমসে। প্রথম মরশুমে এসে মাত্র চারটে ম্যাচ খেলে সে। প্রথম দলে সুযোগ পাওয়া তখন শক্ত ছিল কারণ বিশ্বজিৎ হেমব্রম, সুজিত সাধু, রাহুল নস্করের মতো সেন্টার ব্যাকরা তখন খেলছে। গত মরশুম থেকে দলে নিয়মিত হল সে। জাহিদ ইউসুফের সঙ্গে জুড়ি বেঁধে কাস্টমস ডিপ ডিফেন্সকে রীতিমতো ভরসা জুগিয়েছে সে। রুদ্রর প্রধান প্লাস পয়েন্ট তার উচ্চতা। বাঙালি ছেলেদের এমন উচ্চতা কম চোখে পড়ে। দ্বিতীয় গুণ,ম্যান মার্কিং -- এ তার অসাধারণ দক্ষতা। উচ্চতার কারণে হেডিংয়ের ক্ষেত্রে বাড়তি সুবিধা তো আছেই তার সঙ্গে রিকভারি স্পিডও খুব ভালো। 


গত সি এফ এলে কলকাতা কাস্টমসের এমন অবস্থা দাঁড়িয়েছিল যে সুপার সিক্সে উঠতে গেলে শেষ চারটে ম্যাচ পয়েন্ট হারানো চলবে না। পাঠচক্র এবং পুলিশ অ্যাথলেটিককে হারানোর পর শেষ ম্যাচে কালীঘাট স্পোর্টস লাভারস অ্যাসোসিয়েশনের মুখোমুখি হয় কাস্টমস। এবং রুদ্রই গোল করে দলকে এগিয়ে দেন। কালীঘাট গোল শোধ করে ম্যাচে ফিরে আসে। এবং খেলার একদম শেষ মুহূর্তে রুদ্রর পাস থেকেই গোল করে সুময় সোম, তিন পয়েন্ট পায় কাস্টমস এবং সুপার সিক্সে ওঠে। ম্যান অফ দা ম্যাচ হয়েছিল রুদ্রনাথ সামন্ত। মোহনবাগান -- ইস্টবেঙ্গল এই দুই প্রধানের বিরুদ্ধেও তার লড়াকু ফুটবল নজর কাড়ে। 


সন্তোষ ট্রফির ট্রায়ালে ছিল রুদ্র। একদম শেষ মুহূর্তে চূড়ান্ত দল থেকে বাদ পড়ে সে। এর পর বি এস এলের অনেক ক্লাব থেকে অফার এলেও রুদ্র যায়নি। কলকাতা ইউনিভার্সিটির হয়ে অল ইন্ডিয়া ইউনিভার্সিটি ফুটবল টুর্নামেন্টে খেলে সে। রাঁচিতে হয়ে যাওয়া প্রাথমিক পর্বে কোয়ালিফাই করে চূড়ান্ত পর্বে যায় কলকাতা। এবং কলকাতাতেই হয়েছিল ফাইনাল রাউন্ড। টুর্নামেন্টের ফাইনালে অ্যাডামাসের কাছে এক গোলে হেরে রানার -- আপ হয় কলকাতা। 


সামনের বছরেও হয়তো কাস্টমসের জার্সি গায়েই দেখা যাবে জগৎবল্লভপুরের রুদ্রনাথ সামন্তকে। তাকে নিয়ে কোনো প্রচার এখনো পর্যন্ত নেই। কিন্তু আসন্ন লিগে রুদ্রর দিকে চোখ রাখুন, চমৎকার শারীরিক গঠনের, ঠান্ডা মাথার এই সেন্টার ব্যাক আপনার বা আপনাদের দৃষ্টি আকর্ষণ করবেই।

Powered by Froala Editor