Search

Suggested keywords:

এবারে মোহনবাগান আটকে গেলো পুলিশের প্রতিরোধে

এবারে  মোহনবাগান আটকে   গেলো  পুলিশের  প্রতিরোধে

এবারে মোহনবাগান সুপার জায়ান্টস পয়েন্ট হারালো কলকাতা পুলিশের সঙ্গে লড়াইয়ে।

গত ম্যাচে মোহনবাগান প্রথম জয়ের মুখ দেখেছিল পিয়ারলেসের বিপক্ষে লড়াই করে। আর মঙ্গলবার কল্যাণীতে সবুজ-মেরুন মুখোমুখি হয় পুলিশের সঙ্গে। মোহনবাগান শুরুটা ভালো করলেও  ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি। খেলার শুরুর কয়েক মিনিটের মধ্যে গোলের সুযোগ পেলেও,ব্যর্থ হয়েছে মোহনবাগান। তবে এদিন দুই দলের খেলোয়াড়রা শক্তি প্রয়োগ করে খেলেছেন। যার ফলে রেফারিকে  বারবার ফুটবলারদের সতর্ক করতে হয়। খেলার ২৬ মিনিটে ফারদিন আলি মোল্লার কর্নার থেকে পাওয়া বলে সুহেল ভাট গোল করে মোহনবাগানকে এগিয়ে দেন। এগিয়ে থাকা সবুজ-মেরুন আক্রমণে গতি বাড়িয়ে পুলিশের দুর্গে ফাটল  ধরাতে চেষ্টা করে । ৪৪ মিনিটের মাথায় সুহেল ভাটকে  বক্সের মধ্যে পুলিশের রক্ষণভাগের এক ফুটবলার ফাউল করলে, রেফারি পেনাল্টি দিতে দ্বিধা করেন নি। পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন ফারদিন। ফারদিনের শট ফিরিয়ে দেন পুলিশের গোলরক্ষক মহিদুল।

    দ্বিতীয় পর্বে দুই দলের খেলোয়াড়রা আক্রমণ আর প্রতি আক্রমনে খেলার চরিত্র বদলে দেন। আবার মোহনবাগান পেনাল্টি পেয়ে যায়। এবারে পেনাল্টি শট নিতে আসেন অভিষেক সূর্যবংশী। তাঁর শট বারের উপর দিয়ে উড়ে যায়। এবারে পুলিশের ফুটবলাররা পাল্টা আক্রমণ গড়ে তুলে গোল পেয়ে যায়। পুলিশের রবি দাস গোল করে খেলায় সমতা ফিরিয়ে আনেন।

 দ্বিতীয় পর্বে সংযুক্ত সময়ে  ৯ মিনিটে মোহনবাগান গোল করার জন্যে মরিয়া হয়ে ওঠে। তারই মাঝে পুলিশের তৌহিদ আর অভিষেক সূর্য্যবংশী লাল কার্ড দেখে মাঠের বাইরে চলে যান। শেষ ৫ মিনিট দুই দলকে দশজনে খেলতে হয়। তবে খেলার চরিত্র বদল হয় নি। মোহনবাগান এদিন পয়েন্ট নষ্ট করায় সুপার সিক্সে খেলায় বেশ চিন্তায় পড়ে গেলো। প্রথম ম্যাচে মোহনবাগান গোলশূন্য ভাবে খেলা শেষ করেছিল ভবানীপুরের সঙ্গে। দ্বিতীয় ম্যাচে সবুজ মেরুন ২-২ গোলে খেলা শেষ করে রেনবোর বিপক্ষে। পরের ম্যাচে ইস্টবেঙ্গলের কাছে ১-২  গোলে হার স্বীকার করে মোহনবাগান।  স্বাভাবিক ভাবে সমর্থকরা হতাশ।

Powered by Froala Editor