Search

Suggested keywords:

খেপের মাঠ থেকে ফুটবলের মূল স্রোতে নঈম

খেপের মাঠ থেকে ফুটবলের মূল স্রোতে নঈম

শেখ নঈম আমিল। আসানসোলের ছেলেটি এখন কলকাতা ময়দানে আলোচনার কেন্দ্রে। বড় ক্লাবগুলোর  নজর রয়েছে তাঁর দিকে। হবেই বা না কেন? চলতি কলকাতা ফুটবল লিগে পুলিশ এসির জার্সি গায়ে মোহনবাগান, ইস্টবেঙ্গল দুই প্রধানের বিরুদ্ধেই জালে বল জড়িয়েছেন তিনি। তার এই গোলের সুবাদে দুই বড় দলই এবার হার মেনেছে পুলিশ এসির কাছে।

শুরুটা হয়েছিল আর পাঁচটা ছেলের মতো পাড়ায় খেলার মধ্যে দিয়ে। ধীরে ধীরে গণ্ডিটা একটু বড় হতে লাগল। এবং সে সময় তাঁর খেপের মাঠে প্রবেশ। কিন্তু আগুন বেশিদিন ছাই চাপা থাকেনা। সে তার অস্তিত্ব জানান দেয়। ঠিক সেরকম ভাবে কর্তা দের নজরে পরে নঈম ও চলে আসেন কলকাতা মাঠে। কালীঘাট মিলন সংঘে। কিন্তু গত মরশুমে সেভাবে ম্যাচ টাইম পাননি তিনি। এবার পুলিশ এসির কর্তাদের কথায় যোগ দেন ক্লাবে। এবং বাজিমাত। দুই বড় দলের বিরুদ্ধে গোল করেও লাজুক নঈম। খুব ভালো লেগেছে এটাই তাঁর প্রতিক্রিয়া।

স্বপ্ন তাঁর বহুদূর বিস্তৃত। আসানসোল থেকে প্রায় দুশো কিলোমিটার পেরিয়ে সে স্বপ্ন এখন কলকাতা ময়দানে দুরন্ত গতিতে ছুটছে। আগামী দিনে আইএসএল খেলা কোনও ক্লাবে খেলতে চান নঈম। রোনাল্ডো ভক্ত ছেলেটির চোখে ভারতের নীল জার্সির স্বপ্ন। আসান সোলের মোটর মেকানিক বাবার ছেলে এখন স্বপ্নের গাড়ির সওয়ারি। সব স্বপ্নই খেপের অন্ধকারে হারিয়ে যায়না। কিছু কিছু স্বপ্ন নঈম হয়ে বেঁচে থাকে।


Powered by Froala Editor