আন্তর্জাতিক নারী দিবসে মহিলা ফুটবল নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হল আইএফএতে। ‘ডেভেলপেমন্ট অফ ওমেন্স ফুটবল ইন দ্য স্টেট’ শীর্ষক এই কর্মশালায় একটি প্রেজেন্টশানের মাধ্যমে আইএফএ’র টেকনিক্যাল ডিরেক্টর গৌতম ঘোষ রাজ্যের মহিলা ফুটবলের উন্নয়নে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। প্রাক্তন মহিলা ফুটবলার ও ভারতীয় ফুটবেল মহিলা অর্জুন পুরস্কারপ্রাপ্ত শান্তি মল্লিক, ফিফা রেফারি ও ম্যাচ অ্যাসেসার অনামিকা সেন, মহিলা রেফারি কণিকা বর্মণ, প্রাক্তন ফুটবলার ও প্রশিক্ষক ভ্রমণ দত্ত দেবনাথের মতো অতিথিরা এ রাজ্যের মহিলা ফুটবলের উন্নয়নের বিভিন্ন দিক ও সমস্যা নিয়েও আলোকপাত করেন। কর্মশালায় উপস্থিত ছিলেন কলকাতার মহিলা ফুটবলের বিভিন্ন ক্লাবের প্রতিনিধি এবং ফুটবলাররা। প্রায় ঘণ্টা দু’য়েকের আলোচনায় বিভিন্ন সদ্ব্যর্থক দিক উঠে আসে।
আইএফএ’র এই উদ্যোগ নিয়ে খুশি প্রাক্তন মহিলা ফুটবলাররা। অর্জুন পুরস্কার প্রাপ্ত মহিলা ফুটবলার শান্তি মল্লিক জানালেন, আইএফএ’র এই ধরনের উদ্যোগ প্রশংসনীয়। অনামিকা সেন জানান, তাঁর দীর্ঘ ফুটবল জীবনের অভিজ্ঞতা থেকে এই ধরনের উদ্যোগ আইএফএ’তে এর আগে দেখেননি। এ জন্য তিনি আইএফএ সচিব অনির্বাণ দত্তকে ধন্যবাদ জানান। একই বক্তব্য, প্রাক্তন ফুটবলার ও কোচ ভ্রমর দত্ত দেবনাথের। তাঁর সংযোজন এই কর্মশালায় তারা মন খুলে নিজেদের মতামত জানাতে পেরেছেন। এই উদ্যোগ ফলপ্রসূ হবে বলে তাঁর আশা। মহিলা রেফারি কণিকা বর্মণ বলেন, নারী দিবসে মহিলা ফুটবল নিয়ে এই ধরনের উদ্যোগের জন্য আইএফএ’কে অসংখ্য ধন্যবাদ। এই উদ্যোগে সামিল হতে পেরে নিজেকে গর্বিত মনে হচ্ছে। এই কর্মশালায় অন্যান্য অতিথিদের সঙ্গে হাজির ছিলেন আইএফএ’র যুগ্ম সহ-সচিব মহম্মদ জামাল, বিশ্বজিৎ ভাদুড়ি, এক্সিকিউটিভ সেক্রেটারি সুফলরঞ্জন গিরি ও আইএফএ’র সিইও পুষ্পার্ঘ্য চট্টোপাধ্যায়। আন্তর্জাতিক নারী দিবসে মহিলা ফুটবল নিয়ে আইএফএ’র এই উদ্যোগের ফলে মহিলা ফুটবলে একটা নতুন দিকে যাত্রা শুরু হল।
Powered by Froala Editor
