প্রথমবারই বাজিমাত বাংলার। খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমসে ফুটবলে সোনা জয় বাংলার। আজ সকালে ছত্রিশ গড়ের রায়পুর কোটায় স্বামী বিবেকানন্দ স্টেডিয়ামে তারা ফাইনালে ১-০ গোলে ছত্তিশগড় কে হারায়। প্রথমার্ধের ৪৪ মিনিটে চাকু মান্ডি জয় সূচক গোলটি করেন। দলের এই সাফল্য এর জন্য ফুটবলারদের কৃতিত্ব দিচ্ছেন বাংলার কোচ রঞ্জন ভট্টাচার্য। খেলা শেষে তিনি জানান, এই সাফল্য পুরোপুরি ছেলেদের পরিশ্রমের ফল। এই জয় বাংলার ফুটবলের শ্রেষ্ঠত্ব আবার প্রমাণ করল। তিনি তাঁকে সব রকম সহায়তা করার জন্য আইএফএ সভাপতি অজিত বন্দোপাধ্যায় ও সচিব অনির্বাণ দত্ত কে কৃতজ্ঞতা জানিয়েছেন।বাংলার অধিনায়ক অমিত টুডু দলের এই সাফল্যে খুশি। তিনি দলের সাফল্যের নেপথ্যে কোচের অবদানের কথা জানান। গোটা দলকে কোচ এক সূত্রে বাঁধতে পেরেছেন বলে তাঁর মত।যাঁর গোলে এদিন বাংলা চ্যাম্পিয়ন হয়েছে সেই চাকু মান্ডি দলকে সাফল্য এনে দিতে পেরে খুশি। মাস দুয়েক আগে সন্তোষ ট্রফিতে তিনি পেনাল্টি মিস করেছিলেন। সে জন্য একটা আক্ষেপ ছিল। এদিন জয়ের গোল সেই আক্ষেপ মুছিয়ে দিয়েছে বলে তিনি জানান। প্রসঙ্গত উল্লেখ্য, প্রথমবার চালু হওয়া এই খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমসে ফুটবলে বাংলা লিগ ও নক আউট দুই পর্বেই অপরাজিত থেকে শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হয়ে স্বর্ণ পদক জিতলো।
Powered by Froala Editor
